ভোটের আগে নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্য মধুশ্রী দাস মাইতির

ভোটের আগে নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্য মধুশ্রী দাস মাইতির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পূর্ব মেদিনীপুর – বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আবারও রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলল। নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য মধুশ্রী দাস মাইতি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এর ফলে শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি বলে পরিচিত নন্দীগ্রামে বিজেপির সংগঠনে নতুন করে ধাক্কা লাগল বলে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে। এর আগেই মধুশ্রীর দাদা তথা বিজেপির যুব মোর্চার জেলা নেতা দেবাশিস দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার তাঁর পথেই হাঁটলেন মধুশ্রী।
জানা গিয়েছে, শুক্রবার মধুশ্রীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় এবং হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের নন্দীগ্রাম-২ ব্লক কোর কমিটির কনভেনার সুনীল জানা, বিরুলিয়া অঞ্চল সভাপতি অরুণাভ ভুঁইয়া সহ দলের একাধিক নেতা। সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাঁর দলবদলের ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি। মোট ২১টি আসনের মধ্যে বিজেপি ১৪টি এবং তৃণমূল সাতটি আসনে জয় পেয়েছিল। সূত্রের খবর, মধুশ্রী বিরুলিয়া পঞ্চায়েতের আটটি বুথে জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হন। বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতও বর্তমানে বিজেপির দখলে রয়েছে। তবে মধুশ্রীর দাবি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং বিধানসভা বিজেপির হাতে থাকা সত্ত্বেও এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। সেই কারণেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মধুশ্রী জানিয়েছেন, এলাকার উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য এবং সেই উন্নয়নমূলক কাজে অংশ নিতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরুলিয়া অঞ্চলে এই দলবদল বিজেপির জন্য বড় ধাক্কা হতে পারে। উল্লেখ্য, এর আগেই পূর্ব মেদিনীপুরে বিজেপির হাতছাড়া হয়েছে ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েত। সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এক পঞ্চায়েত সদস্যা সহ প্রায় ৫০০ পরিবার। ফলে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক অঙ্কে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top