রাজ্য – আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি আরও কড়া করল রাজ্য। নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে বিভিন্ন পুলিশ জেলা থেকে মোট ৮১ জন ইন্সপেক্টরকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পৃথক বিজ্ঞপ্তি জারি করে আরও ১৯ জন সাব-ইন্সপেক্টর (এসআই) পদমর্যাদার আধিকারিককেও বদলি করা হয়েছে বলে জানানো হয়েছে।
সরকারি নির্দেশ অনুযায়ী, এই সমস্ত আধিকারিকদের আসন্ন নির্বাচনের কাজে কোনওভাবেই যুক্ত রাখা যাবে না। West Bengal Police-এর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার সময় কোনও ধরনের প্রভাব বা হস্তক্ষেপ এড়াতেই এই রদবদল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের নিশ্চিত করতে হবে যে তাঁরা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনও পদে নিযুক্ত নন এবং সরাসরি বা পরোক্ষভাবে নির্বাচনী প্রক্রিয়ায় কোনও ভূমিকা নেবেন না। এই নির্দেশ অমান্য করলে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকদের আগামী ১০ এপ্রিলের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করে দুপুর ৩টার মধ্যে রিপোর্ট করতে হবে। ভোটের আগে প্রশাসনিক নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।




















