কলকাতা – ভোটের আগে বারানগরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল রাজনৈতিক সংঘর্ষে। তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগানে এলাকা কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছে যান দুই দলের প্রার্থী Sayantika Banerjee এবং Sajal Ghosh। তাঁদের উপস্থিতিতেই পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে বলে অভিযোগ। শনিবার বরানগরের একাধিক এলাকায় এই ঘটনায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বিজেপির অভিযোগ, তাঁদের নির্বাচনী কার্যালয়ের সামনে লাগানো হোর্ডিং খুলে তৃণমূল নিজেদের প্রচার সামগ্রী বসিয়েছে এবং দলের পতাকাও সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করতেই উত্তেজনার সূত্রপাত বলে দাবি করেন Sajal Ghosh। তাঁর কথায়, “আমাদের হোর্ডিং খুলে নিজেদের লাগিয়েছে, পতাকাও তুলে নিয়েছে। প্রতিবাদ করতেই পরিস্থিতি তৈরি হয়েছে, কাউকে মারা হয়নি—মানুষ সব বুঝছে।”
অন্যদিকে তৃণমূল প্রার্থী Sayantika Banerjee সম্পূর্ণ ভিন্ন অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিজেপি ‘বহিরাগত’ এনে তাঁদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, “হকি স্টিক দিয়ে মারধর করা হয়েছে, মহিলা কর্মীদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে। শান্ত বরানগরকে অশান্ত করার চেষ্টা চলছে, মানুষ এর জবাব দেবে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। র্যাফ নামানো হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে, যাতে সংঘর্ষ আর না বাড়ে। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
ভোটের আগে এই ধরনের সংঘর্ষে রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। বরানগরের এই ঘটনা যে আসন্ন নির্বাচনে উত্তেজনার পারদ আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।




















