কলকাতা – ভোটের আবহে ফের কলকাতায় সক্রিয় হল Enforcement Directorate (ইডি)। এক সপ্তাহের ব্যবধানে আবারও শহরে তল্লাশি অভিযানে নামলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। বুধবার সকালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে একটি সংস্থার অফিসে হানা দেন তাঁরা, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, ‘সান এন্টারপ্রাইজ’ নামে একটি নির্মাণ সংস্থার কার্যালয়ে পৌঁছন ইডির আধিকারিকরা। অভিযোগ, এই সংস্থার বিরুদ্ধে কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে ইডি এবং তারই অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
তবে অভিযানের শুরুতেই কিছুটা জটিলতার মুখে পড়তে হয়েছে তদন্তকারীদের। সূত্রের খবর, এখনও পর্যন্ত সংস্থার অফিসের ভিতরে প্রবেশ করতে পারেননি ইডির আধিকারিকরা। তবুও গোটা ভবন ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং তদন্তকারী দলের সদস্যরা। পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে তদন্তকারী সংস্থা।



















