ভোটের মুখে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে আইনি নোটিশ, ঋণ খেলাপের অভিযোগ ঘিরে বিতর্ক

ভোটের মুখে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে আইনি নোটিশ, ঋণ খেলাপের অভিযোগ ঘিরে বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ভোটের আগে ফের অস্বস্তিতে শাসক শিবির। তৃণমূল কংগ্রেসের বিধায়ক Soham Chakraborty-র বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ তুলে পাঠানো হয়েছে আইনি নোটিশ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
অভিযোগ, ২০২১ সালে শাহিদ ইমাম নামে এক ব্যক্তির সঙ্গে বাংলা ছবি প্রযোজনার বিষয়ে চুক্তিবদ্ধ হন সোহম। ছবির নাম ঠিক হয়েছিল ‘মানিকজোড়’। অভিযোগ অনুযায়ী, শাহিদ ইমাম ওই ছবিতে এক কোটি টাকা বিনিয়োগে সম্মত হন এবং প্রথম ধাপে ৬৮ লক্ষ টাকা সোহমকে দেন। চুক্তি লিখিতভাবেই সম্পন্ন হয়েছিল বলে দাবি।
তবে পরবর্তীতে ছবির কাজ আর এগোয়নি বলে অভিযোগ। স্ক্রিপ্ট চূড়ান্ত করা থেকে শুটিংয়ের সময় নির্ধারণ—কোনও ক্ষেত্রেই উদ্যোগী হননি অভিনেতা-বিধায়ক, এমনটাই দাবি অভিযোগকারীর। ফলে প্রযোজনার কাজ থমকে যায়।
২০২৩ সালে এসএসসি কাণ্ডে শাহিদ ইমাম গ্রেফতার হন এবং পরে মুক্তিও পান। মুক্তির পর তিনি সংবাদমাধ্যমকে জানান, দুই দফায় ২৫ লক্ষ টাকা তাঁকে ফেরত দিয়েছেন সোহম চক্রবর্তী। তবে বাকি অর্থ আর ফেরত পাননি বলেই দাবি তাঁর। সেই সূত্রেই এবার আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে সোহম চক্রবর্তীর দাবি, শাহিদের সঙ্গে টাকা মেটানো নিয়ে আগেই আলোচনা হয়েছে এবং বিষয়টি নিষ্পত্তির পথে। তবে নির্বাচন আসন্ন অবস্থায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ শাসক শিবিরকে রাজনৈতিকভাবে অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top