রাজ্য – ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গ কার্যত নির্বাচন কমিশনের কঠোর নজরদারির আওতায় চলে এসেছে। Election Commission of India রাজ্যের ১০০ শতাংশ বুথকেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে নজিরবিহীন নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। এই তালিকার মধ্যেই থাকছে অতি স্পর্শকাতর ও অতি উত্তেজনাপ্রবণ বুথগুলিও।
যেকোনও অশান্তি রুখতে প্রতি ১০টি বুথ পিছু একটি করে কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন করা হচ্ছে। এই টিমের গাড়িগুলিতে থাকবে ক্যামেরা, যার মাধ্যমে লাইভ ওয়েবকাস্টিং করে সরাসরি নজরদারি চালানো হবে কমিশনের দফতর থেকে। ফলে ভোট প্রক্রিয়ার প্রতিটি মুহূর্ত থাকবে পর্যবেক্ষণে।
আগেই সুষ্ঠু, অবাধ ও রক্তপাতহীন ভোট নিশ্চিত করতে মার্চের শুরু থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে Election Commission of India। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু ভোটগ্রহণ নয়, ফলপ্রকাশের পরও এই বাহিনী রাজ্যে থাকবে, যাতে ভোট-পরবর্তী হিংসা রোখা যায়। ইতিমধ্যে স্পর্শকাতর এলাকাগুলিতে বাহিনীর রুট মার্চ ও টহলদারি শুরু হয়ে গেছে।
এদিকে গোটা রাজ্য জুড়েই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার করেছে কমিশন। প্রায় প্রতিটি বুথই এখন কমিশনের সার্ভারে লাইভ পর্যবেক্ষণে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Kumar Agarwal জেলা সফরে গিয়ে আবারও কমিশনের গাইডলাইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন।
বীরভূমে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে কোনওরকম কাজ বরদাস্ত করা হবে না। এত কড়াকড়ির মধ্যেও শেষ পর্যন্ত রাজ্যে কতটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।


















