
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা,২০ শে মে : রবিবার নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই সন্ত্রাস শুরু হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনা জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবাতে। অভিযোগ গোসাবা থানার বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি একের পর এক ভাঙচুর করা হয়েছে। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে পাশাপাশি নির্বাচনের ফল ঘোষণার পর তাদের বাড়িঘর ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। রবিবার সকাল থেকেই কার্যত বুথে এজেন্ট হিসেবে বসতে গেলে বিজেপি কর্মীদের মারধর করা হয়। গত কয়েকদিন ধরেই এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলা এবং তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর ভোট শেষ হতে না হতেই এই সমস্ত বিজেপি কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটলো। পাশাপাশি তিনটি বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।



















