
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা, ২২ শে মে : ভোট পর্ব মিটে যাওয়ার দুদিন পরও হিংসা অব্যাহত গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে । বিজেপি করার অপরাধে আবারও ঘরছাড়া অন্তত দশটি পরিবার, এমনকি এবার বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকি দিল তৃণমূল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার মেরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্যামনগর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে কুলতলি থানার পুলিশ মজুত রয়েছে।
শাসক দলের ফতোয়া জারি ছিল এই গ্রামে , ভোট দিতে যাওয়া যাবেনা স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্রে । অথচ সেই ফতোয়া কে উপেক্ষা করে জোটবদ্ধ ভাবে রবিবার ভোট উৎসবে সামিল হতে স্থানীয় ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছিল জয়নগর কেন্দ্রের কুলতলী ব্লকের মেরীগঞ্জ অঞ্চলের পূর্ব শ্যামনগর গ্রামের ভোটাররা। আর ভোট শেষে সেই ফতোয়া উপেক্ষা করার মাশুল গুনতে হচ্ছে ওই গ্রামের মানুষজনকে। ভোট শেষে হওয়ার পর থেকে দফায় দফায় দুষ্কৃতীরা এই এলাকায় মোবাবাজি করতে থাকে। বাড়ি বাড়ি গিয়ে শাসানো হচ্ছে। এমনকি বাড়ির মহিলাদের ধর্ষণ এর হুমকি ও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ এই সমস্ত গ্রামবাসীরা এলাকায় বিজেপি করেন ও এবারের ভোটে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন বলেই তাদের উপর হামলা হচ্ছে। বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।



















