দিল্লি – মধ্যপ্রদেশের ভোপাল গ্যাস ট্র্যাজেডির স্মৃতি উসকে দিয়ে এবার হরিয়ানায় অজ্ঞাত কারণে পরপর মৃত্যুর ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, গত ১৫ দিনে হরিয়ানার পালওয়াল জেলার ছায়ানসা গ্রামে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ৫ জন স্কুলপড়ুয়াও। অসুস্থতার লক্ষণ প্রায় একই হওয়ায় গ্রামজুড়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে বিশেষ স্বাস্থ্য শিবির খুলেছে স্বাস্থ্য দফতর। আক্রান্তদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জল ও পরিবেশের নমুনাও সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে গ্রামবাসীদের একাংশের দাবি, বিষাক্ত পানীয় জল থেকেই এই মৃত্যুমিছিল শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
এদিকে পরপর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দ্রুত তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি তুলেছেন স্থানীয়রা।




















