রাজ্য – ভোরের কুয়াশা আর হিমেল হাওয়ায় এখনও শীতের ছোঁয়া স্পষ্ট, তবে আবহাওয়াবিদদের মতে, এটি শীতের শেষ প্রদর্শনী হতে চলেছে। কলকাতা থেকে জেলা পর্যন্ত সকালের শুরু কনকনে ঠান্ডায় হলেও, কয়েকদিনের মধ্যে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন দেখা দেবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। সর্বনিম্ন তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা শনিবারের মধ্যেই লক্ষ্য করা যাবে।
রাতের ঠান্ডা কমবে এবং দিনের তাপমাত্রাও ক্রমশ বাড়বে। উত্তুরে হাওয়ার প্রভাব কমে যাওয়ায় শীতের তীব্রতা আগের মতো থাকবে না।
জেলার আবহাওয়া অনুযায়ী, কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে, তবে ঘন কুয়াশার সম্ভাবনা কম।
উত্তরবঙ্গেও একই প্রবণতা দেখা দেবে। আগামী তিন দিনের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সেখানেও বৃষ্টির পূর্বাভাস নেই। পাহাড় ও ডুয়ার্সে সকালে কুয়াশা কিছুটা থাকতে পারে, তবে সারাদিন আবহাওয়া থাকবে শুষ্ক।
হাওয়া অফিস জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আরও স্পষ্ট হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে উষ্ণতার মাত্রা উত্তরবঙ্গের তুলনায় দ্রুত বাড়তে পারে। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে থেকেই শীত কার্যত বিদায়ের পথে হাঁটবে। সামনের দিনগুলোতে কনকনে ঠান্ডার বদলে অপেক্ষা করছে তুলনামূলক স্বস্তিকর আবহাওয়া।




















