রাজ্য – সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতাবাসী। রবিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে অস্বাভাবিক ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়। সোমবার সকালেও গরমের অস্বস্তি বেড়েছে শহরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার কলকাতার ভোরের তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। রবিবার ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু তার পরেও সোমবার সকালে শহরে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি ও নদিয়া এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাগুলিতে মঙ্গলবার ও বুধবার কমলা সতর্কতা বজায় থাকবে। এই সব জায়গায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা।
সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি থাকবে। পাশাপাশি পূর্ব বর্ধমান ও বীরভূমে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার উত্তর ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে ফের গরম বাড়তে পারে। কলকাতায় খুব বেশি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।



















