রাজ্য – পবিত্র রমজান মাসে মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মদিনায় ধর্মীয় সফরে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-এর স্ত্রী রুবি, মেয়ে প্রিয়দর্শিনী ও নাতনি। গত মাসেই তাঁদের ফেরার কথা থাকলেও ইজরায়েল-ইরান সংঘাতে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সৌদি আরবে আটকে পড়েন তাঁরা। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার নিরাপদে কলকাতায় ফিরে আসেন সকলে।
বাড়ি ফিরেই পরিবারের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রিয়দর্শিনী। দীর্ঘ অনিশ্চয়তার পর নিজের শহরে ফিরে স্বস্তির ছাপ স্পষ্ট সেই ছবিতে। তিনি জানান, প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা মানসিকভাবে দৃঢ় ছিলেন। তবে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তাঁর বাবা কতটা উদ্বেগে ছিলেন, সেটাও তুলে ধরেন।
এই প্রথমবার রমজানের সময় মদিনায় গিয়েছিলেন প্রিয়দর্শিনী। শুক্রবার সেখানে পৌঁছনোর পর রবিবার নমাজ পাঠের পরই যুদ্ধের খবর তাঁদের কানে আসে। শনিবার রাত থেকেই ইরান ও ইজরায়েল-আমেরিকার মধ্যে সংঘাত তীব্র আকার নেয়। নিরাপত্তার কারণে আকাশপথ বন্ধ হয়ে যায়, বাতিল হয় বহু বিমান। ফলে সৌদি আরবেই আটকে পড়েন তাঁরা। সেখান থেকেই প্রিয়দর্শিনী সামাজিক মাধ্যমে লাইভ করে তাঁদের পরিস্থিতির কথা জানিয়েছিলেন।
কলকাতায় ফিরে তিনি বলেন, “আমি আর মা মানসিকভাবে শক্ত ছিলাম। ভরসা ছিল, মক্কা-মদিনায় গিয়েছি—নিরাপদেই ফিরব। কিন্তু বাবা খুব চিন্তায় ছিলেন। দিনে ৬-৭ বার ফোন করে শুধু বলতেন, ‘তোরা ফিরে আয়।’ বাবা সবসময় আমাদের আগলে রাখেন, তাই এতটা উদ্বেগে ছিলেন।”
পরিবারকে সুস্থ-সুরক্ষিত অবস্থায় পাশে পেয়ে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মেয়র ফিরহাদ হাকিম। একদিকে শহরের দায়িত্ব, অন্যদিকে পরিবারের নিরাপত্তা—দুয়ের টানাপোড়েনের মধ্যে অবশেষে মিলল স্বস্তি।



















