
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,৪ ঠা সেপ্টেম্বর : মধ্যরাতে পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি ভ্যান জাতীয় সড়কের ধারে গাছে ধাক্কা মারলে ঘটে এই দুর্ঘটনা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত ৬০ নং জাতীয় সড়কের শ্যামপুরাতে। জানা গিয়েছে বেলদার দিক থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল ওই মারুতি ভ্যানটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের নাম সমর বারিক ৬০। নারায়ণগড় থানার রাইপুরের বাসিন্দা। বেলদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওড়িশায় ছানার ব্যবসা করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলে ঘটে এই দুর্ঘটনা। ঘটনার পর থেকে চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে বেলদা থানার পুলিশ।


















