দক্ষিন 24 পরগণা – মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করা এবং ক্রমবর্ধমান সাইবার প্রতারণা মোকাবিলার লক্ষ্যে একগুচ্ছ নতুন উদ্যোগ নিল বারুইপুর থানার পুলিশ। সাধারণ মানুষের আরও কাছে পৌঁছনো ও দ্রুত পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে থানায় চালু করা হল আলাদা সাইবার সেল এবং মহিলাদের জন্য বিশেষ হেল্প ডেস্ক। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই নতুন ব্যবস্থার উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত।
উদ্বোধনের পর অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত জানান, অনেক ক্ষেত্রেই মহিলারা থানায় এসে নিজেদের সমস্যা বা অভিযোগ জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সামাজিক সংকোচ, ভয় কিংবা অস্বস্তির কারণে বহু অভিযোগ সামনে আসে না। সেই কারণেই মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক চালু করা হয়েছে, যেখানে শুধুমাত্র মহিলা পুলিশ কর্মীরাই দায়িত্বে থাকবেন। এতে অভিযোগকারীরা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে তাঁদের কথা বলতে পারবেন বলে আশা পুলিশের।
অন্যদিকে, ডিজিটাল লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাইবার প্রতারণার ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। এই পরিস্থিতি সামাল দিতে বারুইপুর থানায় গঠন করা হয়েছে পৃথক সাইবার সেল। থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকার জানান, সাইবার অপরাধের ক্ষেত্রে সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতারণার শিকার হওয়ার পর যত দ্রুত পুলিশকে জানানো যায়, টাকা উদ্ধারের সম্ভাবনাও ততটাই বৃদ্ধি পায়। সেই কারণেই এই সাইবার ডেস্ক ২৪ ঘণ্টা চালু থাকবে এবং অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।
এর পাশাপাশি, গত কয়েক মাসে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া প্রায় ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ। এমনকি সম্প্রতি সাইবার প্রতারণায় লক্ষাধিক টাকা খোয়ানো এক তরুণীর ক্ষেত্রে উদ্ধার করা টাকার বড় অংশ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
বারুইপুর পুলিশের এই সক্রিয়তা ও মানবিক উদ্যোগে এলাকায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের এই নতুন ব্যবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থাই যে আরও মজবুত হবে, সেই আশাই করা হচ্ছে




















