মহিলা ক্রিকেটে নতুন অধ্যায়! প্রথমবার ভারতে বসছে ICC উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি, ফেব্রুয়ারিতে ছয় দলের লড়াই

মহিলা ক্রিকেটে নতুন অধ্যায়! প্রথমবার ভারতে বসছে ICC উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি, ফেব্রুয়ারিতে ছয় দলের লড়াই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – মহিলা ক্রিকেটে যোগ হতে চলেছে নতুন এক অধ্যায়। আগামী বছর প্রথমবারের মতো ভারতে আয়োজিত হতে চলেছে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ছয় দলের এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। প্রথমবারের এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

মূলত শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। তবে শ্রীলঙ্কা ক্রিকেটে আইসিসির নির্ধারিত সংস্কার প্রক্রিয়া চলায় শেষ পর্যন্ত আয়োজক দেশ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা। বিকল্প আয়োজক হিসেবে বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ আফ্রিকার নাম বিবেচনা করা হয়েছিল। শেষ পর্যন্ত ভারতকেই বেছে নেওয়া হয়। ১ সেপ্টেম্বর আইসিসি বোর্ড আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্তে অনুমোদন দেয়।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ২০২৭ সালের আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি মহিলা ক্রিকেটে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তাঁর মতে, প্রথমবারের এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা দলগুলি অংশ নেবে এবং বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নেওয়ার লড়াইও আরও তীব্র হবে। প্রতি বছর একটি করে বড় আইসিসি মহিলা ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের ফলে মহিলা ক্রিকেটে ধারাবাহিকতা ও গতি তৈরি করার পাশাপাশি খেলোয়াড় এবং সমর্থকদের জন্য আরও শক্তিশালী ক্রিকেটীয় পরিবেশ গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।

প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অর্থাৎ ভারতের মাটিতে প্রথমবারের এই ঐতিহাসিক প্রতিযোগিতায় ছয় দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top