কলকাতা – মহেশতলার একটি আবাসনের ফ্ল্যাট থেকেই চলছিল সুদূর আমেরিকায় সাইবার প্রতারণার রমরমা কারবার। মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্ট কর্মী পরিচয় দিয়ে বিদেশি নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলত একটি চক্র। গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে অভিযান চালিয়ে এই ভুয়ো কলসেন্টার ভেঙে দেয় কলকাতা পুলিশের সাইবার সেল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট ৮ জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বয়স মাত্র ১৮ বছর। অভিযুক্তদের বাড়ি গার্ডেনরিচ, এন্টালি, বেনিয়াপুকুর, তিলজলা, নিউ মার্কেট, করেয়া এবং হুগলির শ্রীরামপুর এলাকায়। তারা সবাই মিলেই এই আন্তর্জাতিক প্রতারণা চক্র চালাচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে।
কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, মহেশতলার গ্রিনফিল্ড সিটি আবাসনের একটি ফ্ল্যাটে বসেই গোটা অপারেশন চলত। আমেরিকার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়ো কাস্টমার সাপোর্ট নম্বর ছড়িয়ে দেওয়া হতো। কোনও বিদেশি নাগরিক সেই নম্বরে ফোন করলেই নিজেদের মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভ পরিচয় দিয়ে কথা বলত চক্রের সদস্যরা।
এরপর ভুক্তভোগীদের কম্পিউটারে টিম ভিউয়ার, আলট্রা ভিউয়ার বা এনি ডেস্কের মতো রিমোট অ্যাক্সেস সফটওয়্যার ইনস্টল করিয়ে নেওয়া হতো। সেই সুযোগে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে টাকা হাতিয়ে নেওয়া হতো। কখনও সেই টাকা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরানো হয়েছে, আবার কখনও অ্যাপল গিফট কার্ডে রূপান্তর করে পাচার করা হয়েছে।
পরিচয় গোপন রাখতে উন্নত মানের ভিপিএন ব্যবহার করত অভিযুক্তরা। অভিযানে পুলিশ ৫টি ল্যাপটপ, ২টি ওয়াই-ফাই রাউটার, ১২টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ ডিজিটাল নথি উদ্ধার করেছে। এই চক্রের সঙ্গে আরও কোনও বড় মাথা জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত আরও গভীর করা হচ্ছে।



















