
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৮ জানুয়ারি, পৌষ শেষ হতে না হতেই ফিকে হয়েছে শীত। মাঘ মাসের প্রথমার্ধে বৃষ্টি হওয়ার পূর্বাভাস জানাল আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমি জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল অর্থাৎ শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানান, আগামী রবিবার ও সোমবার পশ্চিমি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতাতেও স্বল্প বৃষ্টির সম্ভাবনা আছে। উল্লেখ্য, মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া আটকে গিয়েছে, তার ফলে তাপমাত্রা বাড়ছে। একইসঙ্গে আগামী কয়েকদিন একইরকম তাপমাত্রা থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।



















