বিদেশ – ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে ২৪৩ জন যাত্রী-সহ একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাচ্ছিল ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটি। জাভা সাগরে পৌঁছনোর পরই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে।
বানজারমাসিনের উদ্ধারকারী দলের কাছে জাহাজটি নিখোঁজ হওয়ার খবর পৌঁছতেই তৎপরতা শুরু হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জাহাজটির শেষ অবস্থান ছিল জাভা সাগরে, বানজারমাসিন থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে। জাহাজটি ডুবে গিয়েছে কি না, নাকি অন্য কোনও বিপদের মুখে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও নির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি।
বানজারমাসিন রেসকিউ এজেন্সির অপারেশন প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর নেতৃত্বে উদ্ধারকারী দল জাহাজটির শেষ অবস্থানের দিকে রওনা হয়েছে। হেলিকপ্টার ও নৌকার সাহায্যে জাভা সাগরে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় প্রশাসনের দাবি, সমুদ্রে সমস্যায় পড়ার কথা জাহাজটির নাবিক বারবার ট্রান্সমিটারের মাধ্যমে জানিয়েছিলেন। সেই সময় জাভা সাগরও উত্তাল ছিল বলে জানা গিয়েছে। এরপরই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পর বিষয়টি প্রকাশ্যে আসে এবং দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান।



















