নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ৪ ডিসেম্বর, পূর্ব বর্ধমানের মাধবডিহির এলাকায় তৃণমূল কর্মীর মৃত্যুতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।আজ সকালে এলাকার একটি পুকুরে অনিল মাঝির মৃতদেহ ভাসতে দেখে এলাকার মানুষ। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে
মাধবডিহি থানার পুলিশ।এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ। কিভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, মৃত মাধবডিহির বাসিন্দা অনিল মাঝি পেশায় চাষি। পাশাপাশি তৃনমূল করতো বলে জানিয়েছেন পরিবারের লোকজন। গতকাল রাত থেকে নিখোঁজ ছিল। মৃতের স্ত্রী জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় প্রতিদিনের মতো বাজারে গিয়েছিল। তার পর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি । অনিল মাঝির পরিবারে রয়েছে তার স্ত্রী, পুত্র ও চার মেয়ে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।



















