মালদহ:
দক্ষিণ দিনাজপুরে বিপুল পরিমাণ কাশির সিরাপ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে মালদহে একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে মালদা থানা এলাকার একটি আবাসনে তল্লাশি চালিয়ে নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে প্রায় আড়াই কোটি টাকা গণনা সম্পূর্ণ হয়েছে এবং বাকি টাকার হিসাব করার কাজ চলছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
গত মাসে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ বোতল কাশির সিরাপ উদ্ধার করেছিল পুলিশ। সেই মামলার তদন্তে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের যৌথ দল তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরেই রবিবার রাতে মালদহের ওই ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়।
পুলিশ জানিয়েছে, কাশির সিরাপ সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে মালদহের ওই ফ্ল্যাটে বিপুল পরিমাণ নগদ অর্থ মজুত থাকার তথ্য সামনে আসে। এরপরই সেখানে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ফ্ল্যাট থেকে নগদ অর্থ উদ্ধার হয়েছে, সেটির মালিক দিলীপ সাহা। উদ্ধার হওয়া অর্থের উৎস, এর সঙ্গে কাশির সিরাপ মামলার কোনও যোগ রয়েছে কি না এবং আর্থিক লেনদেনের প্রকৃতি কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।




















