মালদা – শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ (Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, শ্রাচীর ডিরেক্টর রাহুল টোডি সহ ফুটবল জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি।
বেঙ্গল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে নর্থবেঙ্গল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শক্তিশালী শুরু করল জেএইচআর রয়্যাল সিটি এফসি। জেএইচআরের হয়ে জোড়া গোল করেন রবি হাঁসদা, অপর গোলটি আসে পাওলো মোরাইসের পা থেকে। নর্থবেঙ্গল ইউনাইটেডের একমাত্র গোলটি হয় আত্মঘাতী, আদামা কুলিবালির পায়ে।
খেলার পাশাপাশি এদিন মাঠে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও, যা দর্শকদের বাড়তি আকর্ষণ যোগায়। দর্শকদের আরও উত্তেজিত করতে বেঙ্গল সুপার লিগে রাখা হয়েছে বিশেষ চমক। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, প্রতিটি ম্যাচ শেষে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে পেনাল্টি শুটআউট। এই শুটআউট ম্যাচের ফলাফলের সঙ্গে যুক্ত না থাকলেও এটি একটি পৃথক প্রতিযোগিতা হিসেবে গণ্য হবে এবং বিজয়ী দল পাবে বিশেষ পুরস্কার।
বেঙ্গল সুপার লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি সুযোগ পাবে আগামী মরশুমের আইএফএ শিল্ডে অংশগ্রহণের। এক সময় জেলা লিগই ছিল বাংলা ফুটবলের মূল সাপ্লাই লাইন, কিন্তু সময়ের সঙ্গে সেই জৌলুস অনেকটাই হারিয়ে গেছে। সেই সোনালি দিন ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই পথচলা শুরু করল বেঙ্গল সুপার লিগ।
টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়বে সোমবার, কারণ সেদিনও অনুষ্ঠিত হবে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ।




















