মালদহ: মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনায় এবার বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। শুক্রবার স্বাস্থ্যভবনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবারই চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি মালদহ মেডিক্যাল কলেজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে।
কমিটির চেয়ারম্যান করা হয়েছে চিকিৎসক প্রলয় আচার্যকে। এছাড়াও কমিটিতে রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসক-অধ্যাপক রাজশেখর সরকার ও ভোলানাথ আইচ এবং এসএসকেএমের চিকিৎসক-অধ্যাপক বিজন সাহা। শনিবার সকালেই কমিটির সদস্যরা মালদহ মেডিক্যাল কলেজে পৌঁছতে পারেন।
চলতি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজে মোট ৬০টি সদ্যোজাতের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে একই দিনে ১০ শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিষয়টি সামনে আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন।
বৃহস্পতিবার এই ঘটনায় মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়। এরপরই মৃত্যুর কারণ ও হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করল স্বাস্থ্য দপ্তর। কমিটির সদস্যরা হাসপাতালে গিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলি পর্যালোচনা করে রিপোর্ট দেবেন।




















