মালদা – গরু পাচারের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করল মালদা জেলা পুলিশ। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রুবেল, বয়স ৩৬। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার অকৈলপুর এলাকায়। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে গরু পাচারের ছক কষেছিল সে।
পুলিশ জানিয়েছে, কয়েকজন সঙ্গীকে নিয়ে রুবেল গরু পাচারের উদ্দেশ্যে এলাকায় ঘোরাফেরা করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় বাসিন্দারা হবিবপুর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া শুরু করে। সেই সময় অন্যরা পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জেরায় ধৃত স্বীকার করেছে, গরু পাচারের উদ্দেশ্যেই তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
এই গরু পাচার চক্রে ধৃত কতদিন ধরে যুক্ত ছিল এবং তার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে, মালদায় জমিতে কীটনাশক স্প্রে করার সময় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গাজোল থানার তুলসীডাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় সাহা, বয়স আনুমানিক ৪০ বছর। তিনি তুলসীডাঙ্গা এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সঞ্জয় তাঁর কাকার সঙ্গে জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। অর্ধেক জমিতে স্প্রে করার পর হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জমিতেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীটনাশকের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।




















