মালদা – মালদার হবিবপুর থানার অন্তর্গত কানতুর্কা অঞ্চলের উত্তর সিংপাড়া এলাকায় ভাগ্নের ছুরিকাঘাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম ঘনশ্যাম বর্মণ। অভিযুক্ত ভাগ্নের নাম প্রসেনজিৎ বর্মণ। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় নিজের জমিতে স্প্রে করে বাড়ি ফিরছিলেন ঘনশ্যাম বর্মণ। সেই সময় আচমকা ছুরি হাতে তাঁর উপর চড়াও হয় প্রসেনজিৎ। বুকে ও পিঠে একাধিকবার ছুরির আঘাত করে সে পালিয়ে যায় বলে অভিযোগ।
ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ঘনশ্যাম। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
হামলার কারণ এখনও স্পষ্ট নয়। পারিবারিক কোনও বিবাদ নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে হবিবপুর থানার পুলিশ অভিযুক্ত প্রসেনজিৎ বর্মণকে গ্রেফতার করেছে। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।



















