দেশ – দু’দিনের মালয়েশিয়া সফরের শেষ দিনে রবিবার সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের অন্যতম তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল আজাদ হিন্দ ফৌজের প্রবীণ সৈনিক ও নেতাজির সহযোদ্ধা জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ। এই সাক্ষাৎকে প্রধানমন্ত্রী নিজেই ‘অনুপ্রেরণাদায়ক’ বলে অভিহিত করেছেন।
নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জয়রাজ রাজা রাও। রবিবার তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামের সময়কার নানা অভিজ্ঞতা, সংগ্রাম ও ত্যাগের গল্প শোনেন মোদি, যা তাঁকে গভীরভাবে প্রভাবিত করে।
সাক্ষাতের একটি ছবি নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, “আইএনএ-র প্রবীণ সৈনিক শ্রী জয়রাজ রাজা রাও-এর সঙ্গে দেখা করতে পারা সৌভাগ্যের। তাঁর জীবন অসীম সাহস এবং ত্যাগের প্রতীক। তাঁর জীবনের অভিজ্ঞতা শুনে আমি অনুপ্রাণিত হলাম।”
একই সঙ্গে প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর সকল যোদ্ধার প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনীর সকল যোদ্ধাদের কাছে আমরা চিরঋণী। তাঁদের বীরত্ব ও আত্মত্যাগ ভারতের ভাগ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
প্রধানমন্ত্রীর এই সফর ও সাক্ষাৎ নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং আজাদ হিন্দ ফৌজের অবদানকে আরও একবার সামনে এনে দিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।




















