জাতীয় —
‘মা বাবার ছিলেন, আর বাবা ছিলেন মায়ের।’ মা সনিয়া গান্ধী এবং বাবা রাজীব গান্ধীর গভীর ভালোবাসার কথা বলতে গিয়ে সোমবার আবেগপ্রবণ হয়ে পড়লেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)-এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতা দিতে গিয়ে বাবা-মায়ের সম্পর্কের নানা স্মৃতি তুলে ধরেন তিনি। পাশাপাশি কেমব্রিজে নিজের ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতার কথাও প্রথমবার প্রকাশ্যে আনেন রাহুল।
বক্তৃতায় মায়ের উদ্দেশে রাহুল বলেন, “মা, পাপা তোমাকে ভালবাসতেন, কিন্তু আজ তিনি তোমাকে নিয়ে ঠিক কতটা গর্বিত হতেন, তা আমি বলে বোঝাতে পারব না।”
কেমব্রিজের রেস্তোরাঁয় শুরু হয়েছিল প্রেমের গল্প
বক্তৃতার এক পর্যায়ে কেমব্রিজের ‘ভার্সিটি’ (Varsity) রেস্তোরাঁয় রাজীব ও সনিয়া গান্ধীর প্রথম পরিচয় এবং তাঁদের প্রেমের গল্পের প্রসঙ্গ তোলেন রাহুল। তিনি জানান, বাবা-মায়ের সেই গল্প বহুবার শুনেছেন। পরবর্তীকালে নিজে যখন কেমব্রিজে পড়াশোনা করতেন, তখন নিজের বান্ধবীকে নিয়ে সেই একই রেস্তোরাঁয় গিয়েছিলেন।
রাহুল বলেন, “আমার বাবা-মাকে নিয়ে প্রচুর জনশ্রুতি রয়েছে। তার মধ্যে একটি বড় গল্প হল ভার্সিটি রেস্তোরাঁয় তাঁদের দেখা হওয়া এবং কীভাবে সেখানে তাঁদের আলাপ হয়েছিল। বহু বছর পর আমি যখন কেমব্রিজে যাই, তখন আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম, ‘চলো ভার্সিটি রেস্তোরাঁয় যাই’। ও বিষয়টির ব্যাপারে কিছুই জানত না… যাইহোক, আমরা সেখানে গেলাম। আমার বাবা-মায়ের কোথায় দেখা হয়েছিল, আমি তা দেখতে চেয়েছিলাম।”
রেস্তোরাঁর কর্মীর সঙ্গে মজার কথোপকথন
সেই দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রেস্তোরাঁর হলুদ দরজার কথাও মনে করেন রাহুল। তাঁর কথায়, “আমার এখনও সেই হলুদ দরজাটার কথা মনে আছে। সেখানে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ‘কতজন?’ আমি বললাম, ‘দু’জন’। তিনি বললেন, ‘ভেতরে গিয়ে বসুন’। আমি বসে মেনু কার্ডের দিকে তাকিয়ে বললাম, ‘জানো, আমার বাবা-মায়ের এই রেস্তোরাঁতেই দেখা হয়েছিল’। সে আমার দিকে তাকিয়ে শুধু বলেছিল, ‘আমি ওঁদের চিনি’।”
এরপর রাহুল ওই কর্মীকে জিজ্ঞেস করেন, তিনি তাঁর বাবা-মাকে কীভাবে চেনেন। উত্তরে ওই ব্যক্তি জানান, রাহুল ঠিক কাদের কথা বলছেন, তা তিনি ভালোভাবেই জানেন।
‘প্রেমে পড়তে চাইলে যান, তবে চিকেন শাশ্যো খাবেন না!’
এরপর রেস্তোরাঁর মেনু থেকে ভালো খাবারের পরামর্শ চান রাহুল। তাঁকে ‘চিকেন শাশ্যো’ (Chicken Chasseur) খাওয়ার পরামর্শ দেওয়া হয়। দর্শকদের হাসির মধ্যে রাহুল জানান, তিনি ওই খাবারই দু’প্লেট অর্ডার করেছিলেন।
এরপর মজার ছলে রাহুল বলেন, “আপনি যদি প্রেমে পড়তে চান, তবে ভার্সিটি রেস্তোরাঁয় যান। কিন্তু ভুলেও ওখানকার চিকেন শাশ্যো খাবেন না—খাবারটা ভয়ঙ্কর!”
সনিয়া গান্ধীর বই প্রকাশের মঞ্চে রাজীব-সনিয়ার প্রেমের স্মৃতিচারণার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের এমন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ায় রাহুলের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিশেষ কৌতূহল। রাজনৈতিক বক্তব্যের বাইরে তাঁর এই আবেগঘন ও মজার কথোপকথনও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।




















