
বিজয়ওয়াড়া :বিমানবন্দরে পৌঁছনোর পর করা হল তল্লাশি। বিমানে ওঠার মুখেও পেলেন না ভিআইপি গাড়ির সুবিধা। এক জন সাধারণ যাত্র্রীর মতোই বাসে চড়ে যেতে হল বিমানের কাছে। জেড প্লাস সুরক্ষা বলয়ের সুবিধা থাকলেও এমনটা ঘটল অন্ধ্রপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে। শুক্রবার অন্ধ্রপ্রদেশের গন্নবরমে বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি হিসাবে কোনও ছাড়ই পেলেন না তিনি। এ নিয়ে নিন্দায় সরব হয়েছে চন্দ্রবাবুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)। তবে জেড প্লাস সুরক্ষার রক্ষাকবচ থাকলেও কেন তাঁর সঙ্গে সাধারণ যাত্রীর মতো ব্যবহার করা হল, তা নিয়ে কোনও সদুত্তর দেয়নি অন্ধ্রপ্রদেশ প্রশাসন।



















