মুর্শিদাবাদ – মুর্শিদাবাদ থেকে কলকাতা আসার পথে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত গজনীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চলন্ত বাসেই হঠাৎ আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি গজনীপুর এলাকা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন যাত্রী বাসের ভিতরে কালো ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা চালককে বিষয়টি জানান এবং বাস থামানোর অনুরোধ করেন। চালক দ্রুত রাস্তার একপাশে বাসটি দাঁড় করান। এরপর সমস্ত যাত্রী দ্রুত বাস থেকে নেমে যান।
যাত্রীরা নামার কিছুক্ষণের মধ্যেই বাসে দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং বাসটি জ্বলতে থাকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে দমকল কর্মীরা বিস্তারিত তদন্ত শুরু করেছেন। স্থানীয় থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। সময়মতো ধোঁয়া নজরে আসা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলেই সকল যাত্রী প্রাণে বেঁচে যান। যদিও এই আকস্মিক ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে কলকাতার আনন্দপুরে ‘ওয়াও মোমো’-র গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা রাজ্য জুড়ে উদ্বেগের আবহ তৈরি হয়েছে। সেখানে একাধিক শ্রমিকের ঝলসে মৃত্যুর খবর মিলেছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের বাস দুর্ঘটনায় কোনও প্রাণহানি না হওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে।




















