
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১২ নভেম্বর, মা ও সন্তানের বন্ধন এক আলাদাই বন্ধন, যা কেউ চাইলেও ভাঙতে পারেনা। কিন্তু মৃত্যু এমন এক কাটা যা কেড়ে নেয় আপন মানুষকে। তবে সোনারপুর থানা এলাকার আড়াপাঁচে ঘটল এক অদ্ভুত ঘটনা।একই দিনে কিছু সময়ের ব্যবধানে মৃত্যু হল মা ও ছেলের৷ মৃত ছেলের নাম অজয় প্রামানিক(২৬)ও মায়ের নাম পরিষ্কারি প্রামানিক(৫৫)।
সোমবার বিকেলে প্রথমে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী অজয় প্রামানিকের মুত্যু হলে শোকাহত হয়ে পড়েন তার মা।ছেলেকে খুবই আদরে, যত্নে মানুষ করেছিলেন তিনি। শারীরিক সমস্যা থাকার জন্য ছেলেকে একটু বেশি ভালবাসতেন তিনি। তারজন্যই ছেলের মারা যাওয়ার খবর পেয়ে শোকে ভেঙ্গে পড়েন পরিষ্কারি দেবী। কিছুসময় পরে সন্ধ্যায় তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন।অবস্থার অবনতি দেখলে ডাক্তার ডাকা হয়, তবে চিকিৎসক এলে তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
পরিবার সূত্রে খবর,বড় ছেলে ছোটবেলা থেকেই প্রতিবন্ধী হওয়ার কারণে তার সমস্ত দায়িত্ব পালন করতেন মা। খুব যত্ন করেই রেখেছিলেন ছেলেকে ৷ ২৬ বছর ধরে লালন পালন করেন, নিজের চোখের সামনে ছেলের মৃত্যুর সহ্য করতে পারেনি তিনি।সেই শোকেই তাঁর মৃত্যু হয়েছে এমনটাই মনে করছেন তাঁর পরিবার ও এলাকাবাসী। ছেলের প্রতি ভালবাসা হয়ত তাঁকে ছেলের কাছেই পৌঁছে দিল। ঘটনার জেরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷



















