মেঘালয়ে কয়লাখনির বিস্ফোরণে ১৮ শ্রমিকের মৃত্যু, রাজ্য সরকারকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মেঘালয়ে কয়লাখনির বিস্ফোরণে ১৮ শ্রমিকের মৃত্যু, রাজ্য সরকারকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – মেঘালয়ের তাশখাই এলাকার একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে এত বড় দুর্ঘটনার পরেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনও প্রতিক্রিয়া না মেলায় জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে শুক্রবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল হওয়ায় এই ইস্যুতে তাদের অবস্থান আরও জোরালো হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলসের একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনা রাজ্যের শাসনক্ষমতায় থাকা ব্যক্তিদের অপরাধমূলক মানসিকতাকেই সামনে এনে দিয়েছে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, এই দুর্ঘটনার জন্য প্রশাসনিক গাফিলতি ও অবৈধ খননের দায় এড়ানো যায় না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খনিতে কাজ চলাকালীনই বিস্ফোরণটি ঘটে। সেখানে উপস্থিত শ্রমিকদের অধিকাংশই ছিলেন পরিযায়ী শ্রমিক। নিহতদের মধ্যে অনেকের বাড়ি ভিন্ন ভিন্ন রাজ্যে। এখনও কয়েকজন শ্রমিকের পরিচয় নিশ্চিত করা যায়নি। মেঘালয় পুলিশ জানিয়েছে, উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
এই দুর্ঘটনা ফের একবার মেঘালয়ের অবৈধ কয়লাখনন ও শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top