ভাইরাল -;মেঘের আস্তরণ চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল কাতার এয়ারওয়েজ়ের একটি এ৩৮০ বিমান। কিছুক্ষণের মধ্যেই লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিশাল এই উড়ানযানের। ঠিক সেই মুহূর্তেই বিমানের ককপিটে থাকা ক্যামেরায় ধরা পড়ে এক মনকাড়া দৃশ্য, যা এখন সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল।
কাতার এয়ারওয়েজ়ের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিয়োতে দেখা যায়, তুলোর মতো সাদা মেঘের ভেতর দিয়ে এগিয়ে চলেছে বিমানটি। ককপিটে বসে রয়েছেন দুই পাইলট। হঠাৎ করেই মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে বিমানটি, আর তখনই চোখের সামনে ভেসে ওঠে নীল আকাশের নীচে ছবির মতো সাজানো লন্ডন শহর।
ভিডিয়োতে স্পষ্ট দেখা যায় হিথরো বিমানবন্দরের আশপাশের পরিচিত অট্টালিকা ও নগরচিত্র। ধীরে ধীরে বিমানটি রানওয়ের দিকে এগিয়ে যায় এবং নিরাপদে অবতরণ করে। আকাশ থেকে ধরা পড়া এই দৃশ্য অনেকের কাছেই যেন স্বপ্নের মতো।
প্রকাশ্যে আসার পর থেকেই ভিডিয়োটি বিপুল সংখ্যক মানুষ দেখেছেন। লাইক, শেয়ার আর মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি। নেটাগরিকদের একাংশ এই দৃশ্যকে ‘অপরূপ’ বলে বর্ণনা করেছেন, আবার কেউ কেউ মজার মন্তব্য করতেও ছাড়েননি। এক জন নেটাগরিক রসিকতা করে লিখেছেন, “ভিডিয়ো করতে গিয়ে আমাদের লাগেজের কথা ভুলে যাবেন না কিন্তু!”




















