
নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৪ মে, লকডাউনে গৃহবন্দী সকলে, বাড়ির মা-বোনেরাও। লকডাউনে বন্ধ দোকান।গৃহবন্দী দিন আনা দিন খাওয়া মানুষগুলো কোনও রকমে খাবার জোটাচ্ছে।কিন্তু এছাড়াও মেয়েদের আরও কিছু প্রয়োজন থাকে যা নিয়ে এখনও অনেকে কাউকে বলতে পারেনা।যতই আমরা মহিলাদের বিষয় বলার ক্ষেত্রে সাবলীল হই না কেন! বাস্তবে অনেকটাই পিছিয়ে থাকি এ ব্যাপারে। তার উপর একমাত্র বেরোজগেরে পরিবার প্রধান যখন গৃহবন্দী, মিতব্যয়ী মহিলা সদস্যরা সাতপাঁচ ভেবে চুপ করে থাকেন অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টি।
তাই এবার সোনার তরী মহিলা সদস্যরা নদীয়া জেলার নরসিংহপুরে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে মহিলাদের হাতে তুলে দিলেন ‘স্যানিটারি ন্যাপকিন’।
এদিন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মা-বোনেদের হাতে তুলে দিলেন স্যানিটারি ন্যাপকিন।এলাকার মধুপুর কলোনি, বাজার পাড়া, হালদারপাড়া গৌরনগর সহ বিভিন্ন পাড়ায় টোটো চেপে তাঁরা পৌঁছে গেলেন।তাঁদের কথায়, এসময় বহু মহিলারা নানান সমস্যায় পড়ছে।কেউ টাকার অভাবে, কেউ বাইরে বেরোতে পারছে না, আবার কোথাও দোকান মিলছে না, তাই এরূপ অবস্থার কথা মাথায় রেখে তাঁরা এরূপ উদ্যোগ নিয়েছেন।পরবর্তীকালেও কারোর প্রয়োজন হলে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান সোনার তরী মহিলা সদস্যরা।


















