মেসি ইভেন্ট বিতর্কে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর, তদন্ত শুরু পুলিশের

মেসি ইভেন্ট বিতর্কে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর, তদন্ত শুরু পুলিশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – মেসি ইভেন্টকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিতর্কে নতুন মোড় এল। যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠান ঘিরে একাধিক অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শনিবার রাতে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ১৭ মে মেসি ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এফআইআর গ্রহণ করা হয়েছে। অভিযোগে টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, প্রতারণা এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের মতো একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

অভিযোগকারী শতদ্রু দত্তের দাবি, মেসি ইভেন্টকে কেন্দ্র করে প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করা হয়েছিল। এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে প্রভাব খাটানো এবং অনিয়মের অভিযোগও তোলা হয়েছে। এই অভিযোগগুলির সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

সূত্রের খবর, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই অরূপ বিশ্বাসকে তলব করতে পারে বিধাননগর কমিশনারেট। যদিও এই বিষয়ে তাঁর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

এদিকে এফআইআর দায়ের হওয়ার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিযোগকারী শতদ্রু দত্ত। তিনি এফআইআরের কপি পোস্ট করে ‘সত্যমেব জয়তে’ মন্তব্য করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপিকে ধন্যবাদ জানান।

বাংলায় রাজনৈতিক পালাবদলের পর থেকেই মেসি ইভেন্ট নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছিল। শতদ্রু দত্ত অভিযোগ করেছিলেন, অনুষ্ঠান চলাকালীন অনুমতি ছাড়াই মাঠে প্রবেশ করে লিওনেল মেসির কাছে পৌঁছে গিয়েছিলেন অরূপ বিশ্বাস। তাঁর দাবি, প্রভাব খাটিয়ে নিরাপত্তা বলয় ভেঙে মেসির কাছে পৌঁছনো হয়েছিল।

এছাড়াও ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থায় ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগও তুলেছিলেন তিনি। অনুষ্ঠানের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধেও প্রশ্ন তোলা হয়েছিল। সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এই ঘটনার পর রাজনৈতিক এবং ক্রীড়া মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এখন তদন্তে কী তথ্য সামনে আসে এবং পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top