কলকাতা – বুধবার রাতের অশান্তিকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা এখনও অব্যাহত। বুধবার রাতে অশান্তির সূত্রপাতের পর বৃহস্পতিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বর ও সংলগ্ন এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় নন্দলাল বসুর নকশা করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীকের একাংশ। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও গাফিলতির অভিযোগ ওঠে। এরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লালবাজার সূত্রে খবর, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, ২১ অগস্ট যাদবপুর থানায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০ অগস্ট রাত ১২টা ৩৭ মিনিটের পর একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা বহিরাগত জোর করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর তাঁরা অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হুমকির মতো ঘটনায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। ঠিক কীভাবে ওই ব্যক্তিরা ক্যাম্পাসে প্রবেশ করলেন, ঘটনায় কারা জড়িত এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের পিছনে কারও পরিকল্পনা ছিল কি না—সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করার পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। এখন পুলিশের তদন্তে এই অশান্তির নেপথ্যে প্রকৃত ঘটনা কী, সেটাই স্পষ্ট হওয়ার অপেক্ষা।


















