রাজ্য – রাজ্যের বহুল আলোচিত ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারীদের সুবিধার্থে বিশেষ হেল্প ডেস্ক চালু করল রাজ্য সরকার। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের তরফে সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রকল্প সংক্রান্ত তথ্য, আবেদনপত্রের অগ্রগতি বা কোনও অভিযোগ জানাতে নির্দিষ্ট নম্বর ৬২৯২২৪৮৮৮৮-এ সরাসরি যোগাযোগ করা যাবে। এই নম্বরে ফোন করার পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বার্তা পাঠানো যাবে বলে জানানো হয়েছে।
হেল্প ডেস্ক প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে পরিষেবা মিলবে না। প্রশাসনের দাবি, প্রকল্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্য বাজেটে ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা কার্যকর হওয়ার কথা। নির্দিষ্ট শর্ত পূরণ করলেই আবেদনকারীরা এই সুবিধা পাবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। স্কলারশিপ পেলে সমস্যা নেই, তবে স্কলারশিপ ছাড়া রাজ্যের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধাভোগী হলে ‘যুবসাথী’র সুবিধা মিলবে না। প্রাথমিকভাবে পাঁচ বছর মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। পাঁচ বছর পরও কেউ বেকার থাকলে পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
হেল্প ডেস্কে যোগাযোগ করলে আবেদনপত্রের বর্তমান অবস্থা জানা যাবে। নথিপত্র সংক্রান্ত কোনও সমস্যা বা ঘাটতি থাকলে সেই তথ্যও জানানো হবে। পাশাপাশি অভিযোগ বা কারিগরি জটিলতার সমাধানেও সহায়তা করা হবে। প্রশাসনের দাবি, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া স্বচ্ছ রাখা হয়েছে এবং দ্রুত নিষ্পত্তির দিকেই জোর দেওয়া হচ্ছে।



















