রঞ্জি সেমিফাইনালে আট উইকেটে ঝড়, নির্বাচকদের বার্তা দিলেন মোহাম্মদ শামি

রঞ্জি সেমিফাইনালে আট উইকেটে ঝড়, নির্বাচকদের বার্তা দিলেন মোহাম্মদ শামি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – ভারতীয় দল থেকে আপাতত ব্রাত্য। খেলছেন ঘরোয়া ক্রিকেটে। কিন্তু অভিজ্ঞতার ঝলক যে এখনও ম্লান হয়নি, তা ফের প্রমাণ করলেন বিশ্বকাপজয়ী ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি কল্যাণীতে রঞ্জি ট্রফি-র সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বাংলার হয়ে দুরন্ত বোলিং করে নজর কেড়েছেন তিনি। এক ইনিংসেই তুলে নিলেন আটটি উইকেট, আর সেই সঙ্গেই ভারতের নির্বাচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন—তিনি এখনও ফুরিয়ে যাননি।
ক্রিকেটমহলের মতে, এই পারফরম্যান্স নিঃসন্দেহে নির্বাচকদের ভাবতে বাধ্য করবে। বাংলার করা ৩২৮ রানের জবাবে জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস থামে ৩০২ রানে। তার বড় অংশ জুড়েই ছিল শামির আগুনঝরা স্পেল। দ্বিতীয় দিনের শেষে জম্মু-কাশ্মীরের স্কোর ছিল ৫ উইকেটে ২০৫। কানহাইয়া ওয়াধাওয়ান ও আবিদ মুশতাক তখন ক্রিজে লড়াই চালাচ্ছিলেন। কিন্তু তৃতীয় দিনের সকালে ছবিটা বদলে দেন শামি।
প্রথমে কানহাইয়াকে ২৯ রানে এবং পরে আবিদকে ২৭ রানে ফেরান তিনি। এরপর বংশরাজ শর্মা ও যুদ্ধবীরকেও সাজঘরে পাঠান। ৩৩ রানে যুদ্ধবীরকে বোল্ড করার পর ৪২ রানে আকিবকে আউট করে জম্মু-কাশ্মীরকে অলআউট করেন এই অভিজ্ঞ পেসার। দ্বিতীয় দিনে তিনটি উইকেট নেওয়ার পর তৃতীয় দিনের সকালে বাকি পাঁচ উইকেট তুলে নিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামি।
বাংলা প্রথম ইনিংসে ২৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে, যার নেপথ্যে বড় অবদান শামির। সম্প্রতি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি। সেই প্রেক্ষাপটে এই পারফরম্যান্স আরও তাৎপর্যপূর্ণ। ২২ গজে বল হাতে এখনও যে তিনি ঝড় তুলতে পারেন, রঞ্জির মঞ্চে তারই জোরালো প্রমাণ দিলেন মোহাম্মদ শামি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top