রাজারহাটে বৈঠক ঘিরে জল্পনা, বিজেপির সঙ্গে কি নতুন অধ্যায়ে লিয়েন্ডার পেজ?

রাজারহাটে বৈঠক ঘিরে জল্পনা, বিজেপির সঙ্গে কি নতুন অধ্যায়ে লিয়েন্ডার পেজ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – চার বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেস-এ যোগ দিয়েছিলেন ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তবে সক্রিয় রাজনীতিতে তাঁকে তেমন দেখা যায়নি। এবার বিধানসভা ভোটের মুখে নতুন করে জল্পনা তৈরি হল, যখন মঙ্গলবার রাতে রাজারহাটের একটি হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন-এর সঙ্গে বৈঠক করতে দেখা গেল তাঁকে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতা শমীক ভট্টাচার্য-ও। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—তাহলে কি লিয়েন্ডার পেজ এবার পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন? যদিও এই বিষয়ে বিজেপি নেতৃত্ব বা পেজ নিজে কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
সূত্রের খবর, বিজেপিতে যোগ দিলেও নির্বাচনে প্রার্থী হিসেবে লড়ার সম্ভাবনা কম তাঁর। বরং তাঁর লক্ষ্য থাকতে পারে সর্বভারতীয় টেনিস সংস্থার শীর্ষ পদে পৌঁছনো। এমনই উদাহরণ হিসেবে উঠে আসছে কল্যাণ চৌবে-র নাম, যিনি বিজেপির সঙ্গে যুক্ত থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির পদে আসীন হয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে গোয়া বিধানসভা নির্বাচনের আগে লিয়েন্ডার পেজ-কে দলে স্বাগত জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁকে ‘ছোট ভাই’ বলেও উল্লেখ করেছিলেন। কিন্তু ২০২২ সালের জানুয়ারিতে গঠিত গোয়ার তৃণমূল রাজ্য কমিটিতে তাঁর নাম না থাকায়, দলীয় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।
গত বছর ৮ নভেম্বর বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বসেন লিয়েন্ডার পেজ। এই পদ পাওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস-এর সমর্থনও ছিল বলে জানা যায়। ফলে হঠাৎ করেই বিজেপি নেতাদের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে বিস্ময় তৈরি হয়েছে ক্রীড়া ও রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ রেখে চলেছিলেন লিয়েন্ডার পেজ এবং দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। সব মিলিয়ে, এই বৈঠক ভবিষ্যতে বড় রাজনৈতিক পদক্ষেপের ইঙ্গিত কিনা, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top