রাজীব কুমার কোথায়? ফের ধন্দে সিবিআই। রাজীবের খোঁজে বাড়তি নজর বিমানবন্দরেও

রাজীব কুমার কোথায়? ফের ধন্দে সিবিআই। রাজীবের খোঁজে বাড়তি নজর বিমানবন্দরেও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৪ ই সেপ্টেম্বর : গতকাল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির ওপর থেকে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ তুলে নেওয়ায় পরই, তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআই। আজ সকাল দশটা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজির হতে নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সে সময় ৩৪, পার্ক স্ট্রিটের সরকারি আবাসনে তিনি উপস্থিত না থাকায় নিজে হাতে সিবিআইয়ের নোটিস গ্রহণ করেননি রাজীব। সূত্রের খবর, সিবিআই আধিকারিকদের জানানো হয়, রাজীব কুমার এই মুহুর্তে ছুটিতে রয়েছেন। এরপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর, তার বাড়িতে নোটিশ ঝুলিয়ে দিয়ে চলে আসেন সিবিআই আধিকারিকরা। কিন্তু এখন সিবিআই দফতরে সব থেকে বেশি যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হল, রাজীব কুমার এই মুহূর্তে কোথায়? তিনি কি আদৌ আসবেন আজ হাজিরা দিতে? রাজীব কি আজ মুখোমুখি হবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার?

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমানে এডিজি (সিআইডি) রাজীব কুমারের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও অবস্থান স্পষ্ট করা হয়নি। এ দিন তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হবেন কি হবেন না, সেই বিষয়েও সিবিআইকে এখনও কিছুই জানাননি রাজীব। তবে সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত বেপাত্তাই রয়েছেন রাজীব কুমার। গতকাল বিকেল থেকে এখনও পর্যন্ত অসংখ্যবার রাজীবের সঙ্গে সিবিআইয়ের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়। যদিও তাঁর সঙ্গে এখনও পর্যন্ত কোনও ভাবে যোগাযোগ করা যায়নি বলে জানাচ্ছে সিবিআইয়ের একটি সূত্র। সিবিআই সূত্রে খবর, রাজীব কুমারের মোবাইল ফোন কাল থেকেই সুইচ অফ। তাঁকে ফোনে না পেয়ে রাজীব কুমারের এক দেহরক্ষীকে ফোন করেন সিবিআই আধিকারিকরা। জানা যায়, একই সময় থেকে বন্ধ রয়েছে তাঁর দেহরক্ষীর মোবাইল ফোনটও। এর পরেই রাজীবের কৌশল নিয়ে ধন্দ তৈরি হয় সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে। এখন প্রশ্ন উঠছে, তা হলে কি ফের বেপাত্তা হয়ে গেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার? তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন?

সূত্রের খবর, দুঁদে আইপিএস রাজীব কুমার সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে যে কোনও সময় রাজ্য বা দেশের বাইরে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কা করে কলকাতা বিমানবন্দরেও যান সিবিআইয়ের একটি দল। বিমানবন্দরের ইন্টারন্যাশনাল টার্মিনালের ইমিগ্রেশন বিভাগের আধিকারিকদের সিবিআই জানায়, রাজীব কুমার বা আর কুমার নামের কাওকে দেশের বাইরে যেতে চাইলেই তৎক্ষনাৎ যেন খবর দেওয়া হয় সিবিআইকে। সঙ্গে দিতে হবে কোন উড়ানে, কোন দেশে যেতে চাইছেন রাজীব, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও।

শনিবার সকাল ৯টা থেকেই সিজিও কমপ্লেক্সে আসতে শুরু করেন সিবিআইয়ের একের পর এক উচ্চ পদস্থ আধিকারিকরা। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সারদা মামলার অন্যতম তদন্তকারী অফিসার তথাগত বর্মন। সিবিআইয়ের ডিএসপি পদমর্যাদার আধিকারিক এই তথাগত বর্মনকেই গত ফেব্রুয়ারি মাসে, রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়ির সামনে থেকে আটক করে শেক্সপিয়র সরণি থানায় নিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ। আজ রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রের খবর, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য একগুচ্ছ প্রশ্নমালা ইতিমধ্যেই তৈরি হয়েছে সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে। কিন্তু তিনি সিবিআই নোটিস মেনে আজ আদৌ আসেন কি না, সেই উত্তরের অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আজ ফের রাজীব কুমার হাজিরা এড়ানোর চেষ্টা করলে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কি হবে, সেই কৌশল ঠিক হয়ে যাবে আজ দুপুরের মধ্যেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top