নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১৫ জানুয়ারি, রাজ্যপাল বিজেপির লোক, তিনি যে রকম অলীক কথা বলছেন তা দুর্ভাগ্যের, রাজ্যপাল জগদীপ ধনকরের বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গে বিরোধিতায় মুখর কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ‘রাজ্যপাল এবার প্রধানমন্ত্রীর হাতে অর্জুনের তীর তুলে দিন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যাকে দরকার তাকে ঘায়েল করা হোক’,পরামর্শ অধীর চৌধুরীর। ফলে সামরিক কোনো বলের বা সৈন্য বাহিনীর আর দরকার হবে না, ব্যঙ্গ অধীরের। প্রসঙ্গত ইঞ্জিয়ারিং মেলাতে গতকাল রাজ্যপাল জানিয়েছিলেন অর্জুনের তীরে পারমাণবিক শক্তি ছিল।
অধীর চৌধুরী বারাসাত বিশেষ আদালতে হাজিরা সেরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, দিদি ও মোদীর ভাবনার ফারাক নেই। তিনি আরও বলেন, রাজ্যে বিজেপির পথ সুগম করেছেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে বিজেপির আঠেরোটি আসন প্রাপ্তি তারই ফলশ্রুতি। আগে কংগ্রেস – বাম বা বিরোধীরা সাম্প্রদায়িক রাজনীতি করেনি। এদিন বিজেপির উত্থানে মমতা বন্দোপাধ্যায়কে দায়ী করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বরাবর বিজেপিকে সহযোগিতা করে এসেছেন। অধীর চৌধুরী এ প্রসঙ্গে সি এ এ র ভোটাভুটির সময় তৃণমূলের আট সাংসদের অনুপস্থিতির কথা তুলে ধরেন। নাগরিকত্ব নিয়ে জটিলতার পাশাপাশি অর্থনৈতিক সমস্যাও যে প্রধান সমস্যা, তা তুলে ধরে অধীর চৌধুরী বলেন, অন্য সমস্যার দিক থেকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে।



















