বিহার – রাজ্যসভার নির্বাচনে বিহারের পাঁচটি আসনেই জয়ী হয়েছে এনডিএ। একই সঙ্গে ‘ক্রস ভোটিং’-এর জেরে ওড়িশার দুইটি আসনেও জয় পেয়েছে তারা। অন্যদিকে, ভোটে কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস। ফলে এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
সোমবার সকালে বিহার, হরিয়ানা এবং ওড়িশার রাজ্যসভার আসনগুলিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে শুরু হয় ভোটগণনা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বিহারের পাঁচ আসনেই এনডিএ প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে রয়েছেন নীতীশ কুমার, নিতিন নবীন, উপেন্দ্র কুশওয়া, রামনাথ ঠাকুর এবং শিবেশ কুমার। প্রথম চারজন নির্দিষ্ট সংখ্যক বিধায়কের ভোটে জয় পান বলে জানা যায়। শিবেশ কুমার দ্বিতীয় পছন্দের ভোটের ভিত্তিতে আরজেডি প্রার্থী এডি সিংকে পরাজিত করেন। ভোটগ্রহণ পর্বে কংগ্রেসের তিনজন এবং আরজেডির একজন বিধায়ক অনুপস্থিত ছিলেন বলে খবর।
অন্যদিকে ওড়িশায় ‘ক্রস ভোটিং’-এর ফলে দুটি আসনে জয় পেয়েছে এনডিএ। জয়ীদের মধ্যে রয়েছেন ওড়িশা রাজ্য বিজেপির সভাপতি মনমোহন সামল এবং বিজেপি নেতা সুজিত কুমার। এই ফলাফল নিয়ে বিরোধী শিবির প্রশ্ন তুলেছে এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভার মোট ৩৭টি আসনে নির্বাচন ঘোষণা করা হয়েছিল। বাংলাসহ সাতটি রাজ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আসনের সমান থাকায় সেখানে ভোটাভুটি হয়নি। তবে বিহার, হরিয়ানা এবং ওড়িশায় আসনের তুলনায় প্রার্থীর সংখ্যা বেশি থাকায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হয়। সেই ভোটের ফলেই এই পরিবর্তন দেখা গেল।
এই ফলাফল রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।




















