রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র, বিজ্ঞপ্তি জারি নবান্নের

রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে প্রবীণ আইনজীবী সুরজিৎ নাথ মিত্রকে নিয়োগ করা হয়েছে। শুক্রবার এই মর্মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এর আগে রাজ্য সরকার দু’জন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেছিল। এবার রাজ্যের সর্বোচ্চ আইন আধিকারিকের পদেও নতুন মুখ আনল সরকার।

বিধানসভা নির্বাচনের পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল শুরু হয়েছে। মুখ্যসচিব পদে নতুন নিয়োগের পর অ্যাডভোকেট জেনারেলের পদ নিয়েও জোর আলোচনা চলছিল প্রশাসনিক ও আইন মহলে। এতদিন এই পদে ছিলেন প্রবীণ আইনজীবী কিশোর দত্ত। সরকার পরিবর্তনের পর গত ৫ মে তিনি পদত্যাগ করেন। তারপর থেকেই রাজ্যের হয়ে আদালতে সওয়াল করার দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সুরজিৎ নাথ মিত্রের নাম ঘোষণা করা হল।

জানা গিয়েছে, ১৯৮৩ সালের মার্চ মাস থেকে আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সুরজিৎ নাথ মিত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ১৯৭৮ থেকে ১৯৮২ সালের মধ্যে আইন ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে দেওয়ানি এবং বাণিজ্যিক আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিভিন্ন কর্পোরেট সংস্থা এবং ব্যক্তিগত মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করে আইন মহলে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

২০২৩ সালে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। ওই মামলায় রাজ্যপালের পক্ষে আদালতে সওয়াল করেছিলেন তিনি। সেই সময় বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং আইনি মহলে যথেষ্ট আলোচনা হয়েছিল।

রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক কাঠামোয় যে দ্রুত পরিবর্তন আনা হচ্ছে, এই নিয়োগকে তারই অংশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক মামলায় এখন থেকে রাজ্যের হয়ে আদালতে সওয়াল করার দায়িত্ব থাকবে সুরজিৎ নাথ মিত্রের কাঁধে। ফলে আগামী দিনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে রাজ্যের আইনি অবস্থান নির্ধারণে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top