
নিজস্ব সংবাদদাতা, কলকাতা,২ রা জুলাই : রাজ্যে গ্রেফতার আরও এক জামাত জঙ্গি l জামাত উল মুজাহিদিন জঙ্গী সংগঠনের আরও এক জন জঙ্গীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের কটোয়ায় এক বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে জামাত উল মুজাহিদিন জঙ্গী সংগঠনের এই সক্রিয় সদস্যকে। জেএমবির ধুলিয়ান মডিউলের সক্রিয় সদস্য ছিল সে। মূলত জঙ্গি সংগঠনে রিক্রুটমেন্ট এর কাজ করতো জঙ্গি আব্দুল রহিম।
২০১৮ বুদ্ধগয়া বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিল আব্দুল রহিম। বুদ্ধগয়া বিস্ফোরণে জামাতুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের ধুলিয়ান মডিউল এর হয়ে সে কাজ করেছিল বলেই তথ্য পুলিশের কাছে। ধৃত জঙ্গি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এর বাসিন্দা।
কয়েকদিন আগেই শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আব্দুল রহিম সম্পর্কে তথ্য পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। তারপর অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয় ধুলিয়ান মডিউলের এই জঙ্গিকে।



















