পশ্চিমবঙ্গ —
রাজ্যে আইপিএস আধিকারিকদের নিজস্ব সংগঠন গঠনের উদ্যোগ অবশেষে বাস্তবায়িত হল। এতদিন পশ্চিমবঙ্গে আইএএস আধিকারিকদের অ্যাসোসিয়েশন থাকলেও আইপিএস আধিকারিকদের নিজস্ব কোনও সংগঠন ছিল না। সম্প্রতি বিষয়টি সামনে আসার পর আইপিএস অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নিতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হল।
নতুন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন এডিজি ও আইজি (মডার্নাইজেশন অ্যান্ড কো-অর্ডিনেশন) রাজীব মিশ্র। দুই সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন পশ্চিমাঞ্চলের এডিজি-আইজি আনন্দ কুমার এবং আইজি (বর্ডার) সুমনজিৎ রায়।
সংগঠনের সম্পাদক হয়েছেন বিধাননগর কমিশনারেটের পুলিশ সুপার অমিত কে রাঠোর। অতিরিক্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি (এসিবি) আকাশ মাঘারিয়া। কোষাধ্যক্ষ হয়েছেন সিদ্ধার্থ ধাপোলা।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক বৈভব তিওয়ারি, ডিআইজি বারাসত দীনেশ কুমার, সচিন মাক্কার, এসএস আইবি তথা বর্তমানে এসিবিতে কর্মরত কামনাশিস সেন, এসএস সিআইডি ডাঃ শ্যামল সামন্ত, বিধাননগর কমিশনারেটের ডিসি (এয়ারপোর্ট) ঐশ্বর্য সাগর এবং এসপি এসটিএফ অনুরাধা মণ্ডল।
নতুন এই সংগঠন গঠনের ফলে রাজ্যের আইপিএস আধিকারিকদের জন্যও একটি নিজস্ব অ্যাসোসিয়েশন তৈরি হল। এবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে আধিকারিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য একটি সাংগঠনিক মঞ্চ তৈরি হল।




















