রাজ্য – রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের ‘অ্যাড-হক’ বোনাস ঘোষণা করল নবান্ন। চলতি অর্থবর্ষে বোনাসের অঙ্ক বাড়িয়ে মাথাপিছু ৭,৪০০ টাকা করা হয়েছে। পাশাপাশি যোগ্যতার বেতনসীমাও বাড়িয়ে ৪৬ হাজার টাকা করা হয়েছে। ফলে আগের বছরের তুলনায় বেশি সংখ্যক কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন। উৎসবের মরসুমের আগে এই ঘোষণা সরকারি কর্মীদের কাছে বড় স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।
শুক্রবার রাজ্যের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব কর্মচারী ‘Productivity Linked Bonus (PLB)’ স্কিমের আওতায় পড়েন না এবং ৩১ মার্চ ২০২৬ অনুযায়ী যাঁদের মাসিক সংশোধিত বেতন ৪৬ হাজার টাকার বেশি নয়, তাঁরাই এই বোনাস পাওয়ার যোগ্য। প্রত্যেক যোগ্য কর্মচারীকে মাথাপিছু ৭,৪০০ টাকা করে অ্যাড-হক বোনাস দেওয়া হবে।
নির্দিষ্ট শর্তসাপেক্ষে চুক্তিভিত্তিক কর্মচারী এবং অন্তত ছ’মাস পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই বোনাসের সুবিধা পাবেন। ২০১৯ সালের West Bengal Services (Revision of Pay and Allowances) Rules, 2019 অনুযায়ী এই বোনাস প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই বোনাসের সঙ্গে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বা অন্য কোনও ভর্তুকি যুক্ত থাকবে না।
এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, মুসলিম সম্প্রদায়ের কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে এই বোনাস হাতে পাবেন।
উল্লেখযোগ্যভাবে, গত অর্থবর্ষে বোনাসের পরিমাণ ছিল ৬,৮০০ টাকা এবং বেতনসীমা ছিল ৪৪ হাজার টাকা। অর্থাৎ এ বছর বোনাস বেড়েছে ৬০০ টাকা এবং বেতনসীমা বেড়েছে ২ হাজার টাকা।
তবে এই ঘোষণা ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই বোনাস ঘোষণা করেছে রাজ্য সরকার। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কটাক্ষ করে বলেন, নির্বাচন সামনে বলেই এ বছর এত তাড়াতাড়ি বোনাসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং গ্রুপ ডি কর্মী ছাড়া অন্যদের এই সুবিধা পাওয়ার সম্ভাবনা কম।




















