রাতের অন্ধকারে আচমকা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী! বড়শুলে সারপ্রাইজ ভিজিটে ডাক্তার-নার্সদের চমকে দিলেন দাশরথি মুখোপাধ্যায়

রাতের অন্ধকারে আচমকা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী! বড়শুলে সারপ্রাইজ ভিজিটে ডাক্তার-নার্সদের চমকে দিলেন দাশরথি মুখোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে সরকারি হাসপাতাল, রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না, তা নিয়মিত খতিয়ে দেখার উপর জোর দেওয়া হচ্ছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই সরকারি হাসপাতালগুলির পরিস্থিতি সরেজমিনে দেখতে বিভিন্ন জায়গায় আচমকা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দাশরথি মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাতেও তেমনই আচমকা পূর্ব বর্ধমানের বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর আসার বিষয়ে জেলা স্বাস্থ্য দফতর বা পুলিশের কাছে আগে থেকে কোনও খবর ছিল না বলে জানা গিয়েছে। রাতে হঠাৎ স্বাস্থ্যকেন্দ্রে মন্ত্রীকে ঢুকতে দেখে রীতিমতো অবাক হয়ে যান চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। এরপর স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী, রোগী এবং তাঁদের পরিজনদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা ও নার্সিং ব্যবস্থার পরিস্থিতি সম্পর্কে সরাসরি খোঁজ নেন তিনি। এমনকী এক নার্সের কাজের প্রশংসা করে তাঁর পিঠ চাপড়ে দিতেও দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীকে। পরিদর্শন শেষে দাশরথি মুখোপাধ্যায় জানান, বড়শুল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা এবং নার্সিং ব্যবস্থা ভালো রয়েছে। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আরও নজর দেওয়া প্রয়োজন। সাফাইয়ের কাজ ঠিকমতো হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন। সেই সমস্যা দ্রুত ঠিক করার নির্দেশ দেওয়া হবে বলে জানান মন্ত্রী। অর্থাৎ, রাতের আচমকা পরিদর্শনে চিকিৎসা ও নার্সিং পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে যে গাফিলতি রয়েছে, তা দ্রুত শুধরে নেওয়ার বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top