নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৩০ জানুয়ারি, গোটা শহর যখন বাগদেবীর আরাধনায় মেতে, সেসময় রাতের অন্ধকারে দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত আরা মোড়ের নিউমার্কেটে সোনার দোকানে দু:সাহসিক চুরি। দোকানের শাটার ভেঙ্গে প্রায় ১৫-২০ লক্ষ টাকার সোনা রুপোর গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। দোকানে ঢুকে শোকেস থেকে নেকলেস, নাকছাবি, আঙটি, মঙ্গলসুত্র সহ নানান গয়না লুট করে চোরের দল। একটি ছোট মার্কেটের মধ্যে এই সোনার দোকান।
জানা গিয়েছে, মার্কেটের ছাদের দরজা ভেঙ্গে দোকানের শাটার ভেঙ্গে ঢোকে দুষ্কৃতীর দল। দোকানের সিসিটিভিতে চুরির ছবি ধরা পড়েছে। যদিও একটি সিসিটিভি কাপড় দিয়ে ঢেকে দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মলানদিঘী থানার পুলিশ আসে।উল্লেখ্য, ২০১১ সালে এই দোকানে কয়েক লক্ষাধিক টাকার চুরি হয়েছিল। সেসময় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা কোন সামগ্রীও উদ্ধার করতে পারেনি, এমনটাই জানান অন্যতম কর্নধার অভিষেক প্রসাদ।



















