বীরভূম – বীরভূমের রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে রামপুরহাট শহরে অবস্থিত তাঁর নিজস্ব বাসভবনের কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কী কারণে এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দেহ উদ্ধারের পর তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পাঁচবার রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির পাশাপাশি রামপুরহাট কলেজের শিক্ষক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি।
তৃণমূল কংগ্রেস সরকারের আমলে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার পদেও ছিলেন তিনি। তবে শেষ বিধানসভা নির্বাচনে পরাজিত হন প্রাক্তন এই বিধায়ক।
প্রাক্তন মন্ত্রী ও পাঁচবারের বিধায়কের এভাবে মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের দিকেই এখন নজর রয়েছে।




















