আন্তর্জাতিক- অযোধ্যার রাম মন্দির ট্রাস্টের সিইও পদে নির্বাচিত হলেন ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত কর্তা ধীরেন্দ্র মিশ্র। এয়ার মার্শাল পদ থেকে অবসর নেওয়া মিশ্রই অযোধ্যার রাম মন্দির ট্রাস্টের প্রথম পূর্ণকালীন কার্যনির্বাহী অফিসার বা সিইও হতে চলেছেন। ৫৫৮৯ জন আবেদনকারীর মধ্যে থেকে তাঁকেই এই গুরুত্বপূর্ণ পদের জন্য বেছে নেওয়া হয়েছে।
শুধু সিইও নিয়োগ নয়, ট্রাস্টে আরও তিনজনকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন মহেশ ভাগচন্দকা, অযোধ্যার প্রাক্তন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল মদন মোহন পান্ডে এবং নির্মলা যাদব। নতুন সিইও এবং ট্রাস্টের সদস্যদের দায়িত্ব কী হবে, তাঁদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা কেমন হবে, তা এখনও বিস্তারিত ভাবে জানানো হয়নি।
চলতি বছরের গোড়ায় রাম মন্দিরের দানপাত্রের অর্থ এবং অলঙ্কার তছরুপের অভিযোগ সামনে আসার পর ট্রাস্টে একজন পূর্ণকালীন সিইও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর ট্রাস্টের সচিব পদ থেকে ইস্তফা দেন বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট চম্পত রাই।
এর পরেই মন্দির পরিচালনা ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও সুসংহত করার লক্ষ্যে পূর্ণকালীন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ আবেদন প্রক্রিয়ার পর ৫৫৮৯ জনের মধ্যে থেকে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ধীরেন্দ্র মিশ্রকে বেছে নেওয়া হয়েছে। তাঁর নিয়োগের ফলে রাম মন্দির ট্রাস্টের প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।




















