বিদেশ – রাশিয়া থেকে তেল কেনা এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ভারতের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ভালো মানুষ’ বলে উল্লেখ করলেও ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তাঁর লক্ষ্য ভারতকে খুশি রাখা নয়, বরং মোদীরই উচিত তাঁকে সন্তুষ্ট করা। রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ককে সামনে রেখে তিনি ভারতীয় পণ্যের ওপর চড়া হারে শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, রাশিয়ার সঙ্গে ভারতের তেল ও বাণিজ্যিক লেনদেন আমেরিকার স্বার্থের পরিপন্থী। এই কারণেই তিনি দ্রুত ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর ইঙ্গিত দেন। বর্তমানে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়ে মোদী সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বলে ওয়াকিবহাল মহলের দাবি। এর ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে অনিশ্চয়তা ও টানাপোড়েন বেড়েছে।
এদিকে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা প্রশমনে নিজের ভূমিকার দাবিও করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, বাণিজ্য বন্ধের ভয় দেখিয়েই তিনি নাকি ভারত ও পাকিস্তান—দুই দেশকেই শান্ত হতে বাধ্য করেছিলেন। তবে এই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। ভারত সরকারের স্পষ্ট বক্তব্য, এই ধরনের কোনও মধ্যস্থতায় আমেরিকার ভূমিকা ছিল না।
সব মিলিয়ে রাশিয়া প্রসঙ্গ, শুল্ক আরোপের হুমকি এবং কূটনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে ভারত-মার্কিন সম্পর্কের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও ভূ-রাজনীতির এই টানাপোড়েন আগামী দিনে দুই দেশের সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে, তা নিয়েই এখন নজর রাজনৈতিক মহলের।



















