নয়াদিল্লি: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি সমর্থন জানাল মধ্য ইউরোপের চার দেশ—পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারত ও Visegrád Group বা V4-এর বিদেশমন্ত্রীদের প্রথম বৈঠকে এই সমর্থনের কথা জানানো হয়।
বৈঠকের পর স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার জানান, V4-এর চার সদস্য দেশই ভারতের স্থায়ী সদস্যপদের দাবির বিষয়ে একমত। তাঁর বক্তব্য, গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ দেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উদীয়মান শক্তি হিসেবে ভারতের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত।
ভারত দীর্ঘদিন ধরেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবিতে সরব। সেই প্রেক্ষাপটে V4-এর চার দেশের এই যৌথ অবস্থানকে ভারতের দাবির প্রতি মধ্য ইউরোপের সমর্থনের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এদিনের বৈঠকে ভারত ও V4-এর মধ্যে সহযোগিতা আরও গভীর করার বিষয়েও আলোচনা হয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই প্রথম V4-ভারত বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠককে একটি ‘নতুন ঐতিহাসিক উপলক্ষ’ বলে উল্লেখ করেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রযুক্তি, প্রতিরক্ষা এবং জনসংযোগের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। প্রতি বছর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং বার্ষিক ব্যবসায়িক ফোরাম আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।




















